চট্টগ্রামে পাহাড় পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্গম পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন বনবিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান (৫৭)। সোমবার সকালে হাটহাজারী পৌরসভার পশ্চিমে শিলছড়ি এলাকায় পাহাড়ি বনভূমি পরিদর্শনে যান লুৎফর রহমান। ফিল্ড ফায়ার রেঞ্জসংলগ্ন ময়লার ভাগাড় এলাকার দুর্গম ও উঁচু পাহাড়ে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।
পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা আড়াইটার দিকে তাকে পাহাড় থেকে নামিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই লুৎফর রহমানের মৃত্যু হয়েছে।