বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী মিনু

ফন্ট সাইজ:

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষকে রক্ষা করার দল। আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে সুনাম অর্জন করেছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন। মঙ্গলবার সকাল ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে এদেশে ফ্যাসিস্টের পতন হয়েছে।

সবশেষ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। অন্য অতিথিদের সঙ্গে নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পরে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।