সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাঁটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। ২২শে আগস্ট থেকে তিনি সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়- মঙ্গলবার রাত ১২টা হতে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপি’র ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল হাসান। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টায় এসিল্যান্ড মনিরুল ইসলাম ও ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনাস্থলে যান। এসিল্যান্ড ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
