চট্টগ্রামে শহীদ জিয়ার প্রথম কবরস্থানে অর্থমন্ত্রীর শ্রদ্ধা, নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে শহীদ জিয়ার প্রথম কবরস্থানে অর্থমন্ত্রীর শ্রদ্ধা, নেতাকর্মীদের ঢল

ফন্ট সাইজ:

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী এলাকায় শহীদ জিয়ার প্রথম সমাধিস্থলে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাধিস্থলে আসতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী বৃক্ষরোপণ এবং মৎস্যপোনা অবমুক্ত করার কর্মসূচি রয়েছে। বিএনপি’র প্রতিটি ওয়ার্ডেও এসব কর্মসূচি পালনের কথা রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দীন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছেন তারা। শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার এই সমাধিস্থল বিএনপি’র নেতাকর্মীদের কাছে আবেগ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান। অতীতে এখানে শ্রদ্ধা জানাতে গিয়ে নেতাকর্মীদের নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নিয়েছিলেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করাকে তারা অগ্রাধিকার দিতে চান। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।