শ্রীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ৮

শ্রীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ৮

ফন্ট সাইজ:

শ্রীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষে ওসি (তদন্ত) সহ ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো. আব্দুল্লাহ ও বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিল কেন্দ্রীয় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল।

এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো. আব্দুল্লাহর কয়েকজন অনুসারী লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। এ ঘটনায় অহিদুল ইসলাম খোকন মেম্বার (৫২), রাহাত চোকদার (২৮), জসিম দেওয়ান (৪০), বাবুল খান (৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় র‌্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।