চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ঠাকুরদীঘি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের পুত্র ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও একই থানার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর পুত্র মাহি উদ্দিন (২৫)। জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী বাইকের সঙ্গে বিপরীতমুখী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাইক চালক তৌহিদ মারা যান। আহত মাহি উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তারা বাইকযোগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। চাঁদপুর ফেরার পথে ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে মিনি ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও বাইক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
