মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ বলেছেন, গত ১৭ বছর ঘিওরের মাটি থেকে শুরু করে রাজপথ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকেছেন। সকল ভয়ভীতি, গুলি, বুলেট, বোমা ও জেল-জুলুমকে তোয়াক্কা না করে ঢাকার পল্টনের ময়দানে আপনারা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, আজ সেই মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিতে চাই- আপনারা সব ভেদাভেদ ভুলে আবার এক হন। ঘিওরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ আরও বলেন, বর্তমানে বাংলার আকাশে যে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, তা কাটিয়ে উঠতে হলে আজ আমাদের সবার আগে ঐক্যবদ্ধ হতে হবে। আর দলের যেসব নেতাকর্মী আজ বিভ্রান্ত বা বিপথগামী হয়েছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান- আসুন, আজ আমরা এখান থেকেই নতুন শপথ গ্রহণ করি। আমাদের নেতা, বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশ যেন একটি স্বনির্ভর ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারে, বাংলাদেশ যেন মাদক ও দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারে, আজ আমাদের সেই লক্ষ্যে একযোগে কাজ করতে হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করি। পরে তিনি ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে তিনটি উপজেলাতেই দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
