বসুন্ধরা কিংসের জার্সিতে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। চার মৌসুম কিংসের হয়ে খেলা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছে দেশের অন্যতম শীর্ষ ক্লাবটি। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফেরার পর বিদেশি ফুটবলার সংগ্রহে কিংসের বড় সংযোজন হতে যাচ্ছেন দলটির সাবেক এই তারকা।
কিংসের হয়ে চার মৌসুমে রবসন খেলেছেন ৫৩ ম্যাচ। এ সময়ে তার গোলসংখ্যা ৩৪। ঢাকার ফুটবলে নিজের কার্যকারিতা ও গোল করার সামর্থ্যরে প্রমাণ দেয়া এই ব্রাজিলিয়ানকে আবারো দলে পেয়ে আক্রমণভাগের শক্তি বাড়ানোর লক্ষ্য কিংসের। কিংস ছাড়ার পর রবসন ব্রাজিলের সাও পাওলোর ক্লাব একুয়া সানতায় খেলেছেন ছয় ম্যাচ। এরপর ভারতের মোহনবাগানে যোগ দিয়ে সেখানেও নজর কেড়েছেন তিনি।
মোহনবাগানের হয়ে ১১ ম্যাচে করেছেন তিন গোল। তবে গত কয়েক মাস ধরে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। রবসনের ফেরার বিষয়টি নিশ্চিত করে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘রবসনকে আবারো আমরা আনছি। চুক্তিও হয়ে গেছে। এর আগে আবাহনীতে খেলা এমেকা ওগবাগ নিশ্চিত হয়েছে। কেপ ভার্দের ফুটবলারকে আনার চেষ্টা করা হচ্ছে। চতুর্থ বিদেশি ফুটবলারও আমরা নেবো।’ ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলবদলে সক্রিয় হয়েছে বসুন্ধরা কিংস।
স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ফুটবলার সংগ্রহেও জোর দিচ্ছে ক্লাবটি। এরই মধ্যে এমেকা ওগবাগকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পাশাপাশি কেপ ভার্দের একজন ফুটবলারকে আনার চেষ্টা চলছে। সব মিলিয়ে নতুন মৌসুমে শক্তিশালী স্কোয়াড গড়ার পরিকল্পনাতেই এগোচ্ছে ছয়বারের লীগ চ্যাম্পিয়নরা। কিংসের জার্সিতে রবসনের আগের পারফরম্যান্সই তাকে ফেরানোর ক্ষেত্রে বড় কারণ। চার মৌসুমে ৩৪ গোল করা এই ফরোয়ার্ড এবার ফিরছেন নতুন প্রত্যাশা নিয়ে। কয়েক মাস মাঠের বাইরে থাকার পর ঢাকায় ফিরে তিনি কতোটা দ্রুত ছন্দে ফিরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
