ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদ চত্বরে অবস্থিত মাদ্রাসায় হামলায় কমপক্ষে ৩ জন মুসলিমকে হত্যার অভিযোগে নর্থ ক্যারোলাইনার ১৭ বছর বয়সী বালিকা সারাহ লিন্ডসে সান্তিয়াগো’কে অভিযুক্ত করা হয়েছে। হামলায় তার বিরুদ্ধে সহযোগিতা বা উস্কানি দেয়ার অভিযোগ তোলা হয়েছে। নর্থ ক্যারোলাইনার আইন অনুযায়ী, তাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয় এবং সেই বিবেচনায়ই তার বিরুদ্ধে বিচার হচ্ছে। হামলার ঘটনা রেকর্ডিং এবং সরাসরি সম্প্রচার করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
ওদিকে হামলাকারী দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যা করে। তাদের হামলায় নিহত ৩ মুসলিমকে বীর হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ১৮ই মে সান ডিয়েগোতে ওই মসজিদের মাদ্রাসায় হামলা চালিয়ে হত্যা করা হয় তিন মুসলিমকে। এ ঘটনায় সহায়তা করার সন্দেহে সোমবার নর্থ ক্যারোলাইনার গ্রান্ড জুরি অভিযুক্ত করেছে ওই বালিকাকে। সংবাদ সম্মেলনে ফরসিথ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জিম ও’নেইল বলেন, নর্থ ক্যারোলাইনার আইন অনুযায়ী অভিযুক্ত বালিকাকে প্রাপ্ত বয়স্ক হিসেবে বিবেচনা করা যায়। নর্থ ক্যারোলাইনার আইন অনুযায়ী তাকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।
তবে ফেডারেল সরকারের নিয়ম অনুযায়ী তার তিন থেকে চার বছরের সাজা হতে পারে। কিন্তু জিম ও’নেইলের মতে, তাকে ফেডারেল সরকারের আইনে বিচার করা হচ্ছে না। মসজিদটি সংলগ্ন মাদ্রাসায় যখন ১৪০ টি শিশু অবস্থান করছিল। সেই সময় সহিংসতা শুরু করে হামলাকারীরা। কিন্তু সাহসিকতা দেখিয়ে তাদেরকে প্রতিহত করেন তিন নিরাপত্তা রক্ষী। তারা হলেন নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ (৫১), কেয়ারটেকার মানসুর কাজিজা (৭৮) ও মসজিদের একজন শিক্ষিকার স্বামী নাদির আওয়াদ (৫৭)। কিন্তু তাদেরকে গুলি করে হত্যা করে হামলাকারীরা।
নিজেদের জীবনের বিনিময়ে তারা শিশুদের রক্ষা করেছেন বলে তাদেরকে বীর আখ্যা দেয়া হয়েছে। তাদেরকে হত্যা করে হামলাকারী কালেব ভাসকুয়েজ (১৮) ও কেইন ক্লার্ক (১৭) নিজেদের গাড়িতে আত্মহত্যা করে। তদন্তকারীরা বলছেন, তাদের পরবর্তী উদ্দেশ্য ছিল ইহুদিদের একটি উপাসনালয়ে হামলা করা।
ওদিকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে সারাহ লিন্ডসে সান্তিয়াগো’কে। তার বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে আছে তিন দফা হত্যা ও এক দফা ষড়যন্ত্র বিষয়ক অভিযোগ। ও’নেইল বলেন, তিনি হামলাকারীদের সহায়তা অথবা উস্কানি দিয়ে থাকতে পারেন। হামলার আগেই সান্তিয়াগো হামলার দৃশ্য সরাসরি প্রচার করতে সম্মত হন। তা রেকর্ড করে পরে হামলাকারীদের কাছে জমা দেয়ার কথা ছিল।
