লেস্টারের সঙ্গে ২০ বছরের পাট চুকিয়ে শেফিল্ডে হামজা

লেস্টারের সঙ্গে ২০ বছরের পাট চুকিয়ে শেফিল্ডে হামজা

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটি থেকে তাকে দলে ভিড়িয়েছে চ্যাম্পিয়নশিপের ক্লাবটি। তার দলবদলের ফি এখনো প্রকাশ করা হয়নি। ২৮ বছর বয়সী হামজা গত মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেন। সে সময় ব্লেডসদের হয়ে ১৬টি লীগ ম্যাচ খেলেন তিনি। এর মধ্যে সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালও ছিল। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা ক্লাবটির হয়ে ১১ মৌসুমে মোট ১৬৬ ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমেও লেস্টারের হয়ে তিনটি ম্যাচে মাঠে নামেন তিনি।
২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটির ঐতিহাসিক প্রিমিয়ার লীগজয়ী দলের সদস্য ছিলেন হামজা। এছাড়া ২০২১ সালে চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়ের সময়ও লেস্টার দলে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। হামজাকে দলে পেয়ে সন্তুষ্ট শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, ‘কার্ডিফের বিপক্ষে ম্যাচের পরই আমি বলেছিলাম আমাদের দলকে আরও শক্তিশালী করতে হবে। বর্তমানে এক-দু’জন খেলোয়াড় চোটে থাকায় রাইট ব্যাক পজিশনে প্রতিযোগিতা বাড়ানো জরুরি ছিল। আমরা সবাই জানি, হামজা ওই ভূমিকায় খেলতে পারে পাশাপাশি আরও অনেক কিছু করতে পারে। আগের মেয়াদে এখানে তার শেষ ১০ ম্যাচে সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিল।’ এর আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলার সময়ও ক্রিস ওয়াইল্ডারের অধীনে খেলেছিলেন হামজা।

পুরোনো কোচের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হামজা বলেন, ‘ওয়াটফোর্ডে অল্প সময় এবং এরপর এখানে আগেরবার আমি কোচের সঙ্গে কাজ করেছি। আমরা সবসময় যোগাযোগ রেখেছি। তার অধীনে খেলতে আমি সত্যিই ভালোবাসি।’ লেস্টার ছাড়ার অনুভূতি নিয়ে হামজা বলেন, ‘এটি আমার জন্য বড় পরিবর্তন। আমি গত ২০ বছর ধরে লেস্টারের সঙ্গে আছি। তাই আমার ও আমার পরিবারের জন্য এটি বড় পরিবর্তন। তবে আমি এই নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। আশা করি এখানে আমি একটি দারুণ মৌসুম কাটাতে পারব।’ মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। বিদায় বেলায় হামজার প্রতি শুভ কামনা জানিয়েছে তার এতদিনকার ঠিকানা লেস্টার সিটি, ‘সাত বছর বয়সে হামজা আমাদের সঙ্গে যোগ দেন। পরবর্তীতে আমাদের প্রথম দলের প্রতিনিধিত্ব করে এফএ কাপ ও চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন তিনি। লেস্টার সিটির সঙ্গে তার দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই পথচলার জন্য ধন্যবাদ, হামজা। ভবিষ্যতে তোমার জন্য অনেক শুভ কামনা।’