কিলিয়ান এমবাপ্পের যোগ দেয়ার পর লা লিগার শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। খেলোয়াড়দের অসন্তোষ ও খারাপ পারফরম্যান্সের কারণে কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করে ক্লাবটির কর্তৃপক্ষ। অন্তবর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়াও ব্যর্থ হলে জোসে মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তি করে লস ব্লাঙ্কোসরা। তার অধীনে চেনা ছন্দে ফিরতে শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচে পেয়েছে জয়ের দেখা। সবশেষ মালাগাকে তারা ৪-০ গোলে হারায়। এমন দাপুটে শুরুর পরও আত্মতুষ্টির সুযোগ দেখছেন মরিনহো। সামনে কঠিন সময় আসতে পারে বলে শিষ্যদের আগেভাগে সতর্ক করে দিয়েছেন। মালাগার বিপক্ষে জয়ের পর মরিনহো বলেন, ‘খারাপ সময় আসবে, গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়ের চোট আসবে, তোমাদের সমালোচনা আসবে এবং হারও আসবে। সবকিছুই আসবে, কারণ এসব সব সময়ই ঘটে। তখন আমরা যে দলটি গড়ে তুলছি, তার সব শক্তি বের করে আনতে হবে। আর সেই সময়গুলোতে আমাদের ভারসাম্যপূর্ণ থাকতে হবে এবং কোনো নেতিবাচক সময়কে পুরো মৌসুমে প্রভাব ফেলতে দেয়া যাবে না।’
মৌসুমের শুরুতে টানা তিন জয়ে রিয়ালের আক্রমণভাগও রয়েছে ছন্দে। তিন ম্যাচে ১০ গোল করেছে দলটি। তবে বড় ব্যবধানের জয়কেই সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে দেখছেন না রিয়ালের হেডকোচ। মরিনহো বলেন, ‘আমরা ইতিমধ্যে ৩ ম্যাচে ১০ গোল করেছি। কিন্তু কোনো একটি ম্যাচ আমরা ১-০ ব্যবধানে জিতব এবং তাতেও আমরা সমান খুশি থাকবো।’ ক্লিন শিট রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছেন মরিনহো। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ক্লিন শিট রাখা এবং ভালোভাবে কাজ করা। আমরা সব সময় তীব্রভাবে আক্রমণ করতে পারি না, কারণ কখনো কখনো প্রতিপক্ষ সামনে এগিয়ে আসে এবং তখন আমাদের ভালোভাবে রক্ষণও করতে হয়।’
দলের পারফরম্যান্সের পাশাপাশি কয়েকজন ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যের কথাও বলেছেন মরিনহো। জুড বেলিংহ্যামকে অবিশ্বাস্য খেলোয়াড় আখ্যা দিলেও এদিন কামাভিঙ্গার পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে তার। ফরাসি মিডফিল্ডারকে নিয়ে মরিনহো বলেন, ‘আজ এমন একজন খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে, যে খুব বেশি ভালোবাসা পায় না। সে হলো কামাভিঙ্গা।’ এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহ্যামকে একসঙ্গে খেলানো নিয়ে আলোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মরিনহো। তিন তারকাকে একসঙ্গে খেলাতে আপত্তি নেই বলেই জানালেন তিনি, ‘ভালো খেলোয়াড়েরা সব সময় একসঙ্গে খেলতে চায়, কারণ তাদের চিন্তার গতি এবং মান একই রকম। তাদের সব সময় একে অপরের সঙ্গে বোঝাপড়ায় থাকতে হবে।’
