বাতিল হয়নি, নতুন সূচির খোঁজে বাংলাদেশ-ভারত সিরিজ: তামিম

বাতিল হয়নি, নতুন সূচির খোঁজে বাংলাদেশ-ভারত সিরিজ: তামিম

ফন্ট সাইজ:

নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ। তবে তা একেবারে বাতিল হয়ে যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল সিরিজটি না হওয়ার, সেই গুঞ্জন উড়িয়ে দেন সাবেক টাইগার অধিনায়ক।

চলতি আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে গঠিত একটি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তা নির্ধারিত সময়ে সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকেই ধরে নিয়েছিলেন, সিরিজটি হয়তো একেবারেই বাদ পড়ে যাচ্ছে সূচি থেকে। তবে জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্‌ম ‘নট আউট নোমান’-কে দেয়া এক সাক্ষাৎকারে সেই ধারণা নাকচ করে দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘সিরিজটি যে হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দুই বোর্ডই এই সিরিজটি বাস্তবায়নের বিষয়ে খুবই আন্তরিক।

বিসিসিআই এবং বিসিবি—উভয়েই একটি সুবিধাজনক উইন্ডো খুঁজছে, যাতে এই খেলাগুলো আয়োজন করা সম্ভব হয়। আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়েও চিন্তাভাবনা করছি। যদি দুই পক্ষের সদিচ্ছা না থাকতো, তবে আজ আমি আশা প্রকাশ করে এই কথাটি বলতাম না। দুই বোর্ডের অবস্থানই অত্যন্ত ইতিবাচক।’ তবে সবকিছুই যে ক্রিকেট বোর্ডের হাতে নেই, সে কথাও খোলাখুলি স্বীকার করেছেন বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘এমন কিছু বিষয় থাকে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আর বিসিবি প্রধান হিসেবে আমি কখনই সেই সীমারেখা অতিক্রম করতে চাই না। কিন্তু আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং মনোভাব অত্যন্ত ইতিবাচক।’