মালাগাকে ৪ গোলে হারিয়ে শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ

মরিনহোর ‘হ্যাটট্রিক’

মালাগাকে ৪ গোলে হারিয়ে শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ

ফন্ট সাইজ:

বিশ্বকাপের ফর্ম লা লিগাতেও বজায় রাখলেন জুড বেলিনহাম। ইংলিশ মিডফিল্ডারের চমৎকার এক গোল এবং আরেকটিতে বড় ভূমিকা রাখার সুবাদে মালাগাকে ৪-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে অল হোয়াইটদের ডেরায় নিজের দ্বিতীয় অধ্যায়ে টানা তৃতীয় জয় তুলে নিলেন কোচ জোসে মরিনহো।

ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে এক একক জাদুতে বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে নেন বেলিংহাম। ৩৫ গজ দূর থেকে বল নিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শটে মালাগা কিপার আলফনসো হেরেরাকে পরাস্ত করেন এই থ্রি লায়ন্স মিডফিল্ডার। এর সাত মিনিট পর তার দূরন্ত এক হেডার কিপার হেরেরা ঠেকাতে গেলেও বল তার গায়ে লেগে জালে জড়ায়। সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়।

ম্যাচের আধা ঘণ্টার মাথায় স্কোরলাইন ৩-০ করে খেলা এক প্রকার শেষ করে দেয় স্বাগতিক রিয়াল। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ডান প্রান্তের মাপা ক্রস থেকে দর্শনীয় এক ভলিতে চমৎকার গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো কাট-ব্যাক ধরে অনায়াসে বল জালে পাঠান তুর্কি তরুণ আর্দা গুলের। ৩ ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান শক্ত করলো মরিনহোর শিষ্যরা।