কোচহীন মায়ামির ডাগআউট এক রূপকথার মঞ্চের জন্ম দিলো। আর ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামের সেই মঞ্চের প্রধান চরিত্র চিরসবুজ লিওনেল আন্দ্রেস মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ৭-১ গোলের বিশাল ও রেকর্ড জয় তুলে নিলো ইন্টার মায়ামি। দুর্দান্ত এই ম্যাচে একাই চার-চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন জাদুকর। শনিবার রাতের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার খরা কাটিয়ে উঠলো ফ্লোরিডার ক্লাবটি। একই সঙ্গে এটি এমএলএস ইতিহাসে মায়ামির সবচেয়ে বড় ব্যবধানের জয়। নতুন কোচ হিসেবে ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের নাম ঘোষণা করা হলেও তিনি এখনো মায়ামি দলের সঙ্গে পুরোপুরি যোগ দিতে পারেননি।
কাজের অনুমতিপত্র সম্পন্ন না হওয়ায় তিনি এই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারেননি। নতুন কোচ এখনো দাপ্তরিকভাবে দায়িত্ব বুঝে নিতে না পারায় এই ম্যাচে আগের অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো হোয়োসই দলের টেকনিক্যাল বিষয় ও ম্যাচের পরবর্তী প্রতিক্রিয়ায় মূল দায়িত্বে ছিলেন। তাকে আবার লীগের নিয়ম ভাঙার শাস্তিস্বরুপ গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে হয়।
ম্যাচের প্রথমার্ধের ঠিক আগে ডিফ্লেক্টেড ফ্রি-কিক থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৫২ মিনিটে অসাধারণ এক সোলো রান থেকে করেন দ্বিতীয় গোল। লুইস সুয়ারেজকে একটি গোলে সহায়তা করার পর, ম্যাচের ৮৩ মিনিটে গোলকিপারের মাথার উপর দিয়ে বল চিপ করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। আর ইঞ্জুরি টাইমের শেষ মুহূর্তে ট্রেডমার্ক ফ্রি-কিকে বল জালে জড়িয়ে নিজের ক্যারিয়ারের অষ্টম চার বা ততোধিক গোলের কীর্তি গড়েন এই ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।
এমএলএসের নিয়মিত মৌসুমে ৭২ ম্যাচে ২০ বার একাধিক গোল করার রেকর্ড গড়লেন মেসি। চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১৮ গোল করে বর্তমানে লীগের গোলদাতাদের তালিকার শীর্ষে অবস্থান করছেন মায়ামি অধিনায়ক। মায়ামির হয়ে অন্য তিনটি গোল করেন কাসেমিরো, লুইস সুয়ারেজ ও অ্যালেক্সান্ডার শ। সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেন ফ্যাবিয়ান হার্বার্স।
ম্যাচ শেষে দলটির অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো হোয়োস মেসির পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘এমন নান্দনিক ফুটবল বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। তিনি এমন এক ফুটবলার, যাকে সাধারণ ছাঁচে ফেলা যায় না।
তাকে এবং তার ব্যক্তিত্বকে বিশ্লেষণ করতে গেলে আসলেই শব্দ ফুরিয়ে যায়।’ এই আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘এ জয়ের তাৎপর্য সবার জন্য বিশাল। সবার আগে খেলোয়াড়দের জন্য, যারা আসলেই এর যোগ্য এবং এখনো যোগ্য। ক্লাবের জন্য, যারা বিপুল প্রচেষ্টা চালিয়েছে; এবং আমাদের সবার জন্য যারা একসঙ্গে কাজ করছি।’ রিয়াল মাদ্রিদের সাবেক ও সদ্য মায়ামিতে যোগ দেয়া মিডফিল্ডার কাসেমিরোও মুগ্ধ মেসিতে।
ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘দলে মেসি থাকা মানেই অন্যরকম আত্মবিশ্বাস। তিনি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। বিশ্বকাপে তিনি আবারো প্রমাণ করেছেন কেন তিনি সেরা। আমাদের উচিত এই মুহূর্তগুলো উপভোগ করা।’ অন্যদিকে, মন্ট্রিয়ালের জার্সিতে উপস্থিত ছিলেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ অ্যালেক্সিস সানচেজ। দ্বিতীয়ার্ধে চিলির এই তারকা ফুটবলারকে মাঠে নামালেও বড় হার এড়াতে পারেনি মন্ট্রিয়েল। এই জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্দশ মন্ট্রিয়াল।
