নতুন ক্লাবে শমিতের অভিষেক শেফিল্ডেই থাকছেন হামজা

নতুন ক্লাবে শমিতের অভিষেক শেফিল্ডেই থাকছেন হামজা

ফন্ট সাইজ:

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড সকার লীগে অভিষেক হলো কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার শমিত সোমের। ইউনিয়ন ওমাহার বিপক্ষে নিউ ইর্য়ক কসমসের হয়ে এ মিডফিল্ডারের অভিষেক হয়। এদিন ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তার দল। ইউএসএল অভিষেকে শুরুর একাদশে জায়গা পান শমিত। গুরুতর নয় এমন চোট নিয়ে মাঠ ছাড়ার আগে খেলেন ৭৪ মিনিট পর্যন্ত। এদিকে ইংল্যান্ড প্রবাসী জাতীয় দলের আরেক তারকা হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড। দ্রুততম সময়ের মধ্যে এই মিডফিল্ডারের দলবদল চূড়ান্ত করতে চায় ক্লাবটি।

শেফিল্ড ইউনাইটেড রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজছে। তার বিকল্প হিসেবে দলে আছেন ম্যাট ডোহার্টি। তবে গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে শেফিল্ডে যোগ দেয়া এই খেলোয়াড় এখনও পুরোপুরি দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তাই নতুন বিকল্পের সন্ধানে নেমে পুরোনো পরিচিত মুখ হামজা চৌধুরীর দিকে চোখ রেখেছে ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেন হামজা। সে সময় দলকে প্লে-অফ ফাইনালে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হামজাকে ফেরাতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে শেফিল্ড।

তার মেডিকেলের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে বিনা ট্রান্সফার ফিতেই ব্রামল লেনে ফিরবেন তিনি। দলবদলের আনুষ্ঠানিকতা ও অন্যান্য বিষয় সময়মতো সম্পন্ন হলে বুধবার বোল্টনের বিপক্ষে হামজাকে পাওয়া যেতে পারে। হামজাকে নিয়ে এর আগে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিতে যাওয়ার গুঞ্জনও উঠেছিল। লেস্টার সিটিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় বিদেশের বিভিন্ন ক্লাবের আগ্রহের খবর সামনে আসে যার মধ্যে সাবাহ এফসির নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত হামজার পুরোনো ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ফেরার সম্ভাবনাই এখন জোরালো।