অনূর্ধ্ব-২৩ দলকে হারালো যুবারা

ফন্ট সাইজ:

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি অনূর্ধ্ব-১৯ দলের। ১ উইকেট হাতে থাকা অনূর্ধ্ব-২৩ দল ৬ বলে ৬ রানের সমীকরণ মেলাতে পারেনি। প্রথম দুই বলে এক রান নেয়ার পর তৃতীয় বলে উইকেট হারায় তারা। এতে ৪ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে যুবারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল গেম ডেভেলপমেন্ট ট্রফির দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়। ম্যাচে আগে ব্যাট করে ২২৬ রান তোলে অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ২২২ রানে থামে অনূর্ধ্ব-২৩ দলের ইনিংস। টস হেরে আগে ব্যাট করতে নেমে জারিফ ও আল মুহির ব্যাটের দারুণ শুরু পায় অনূর্ধ্ব-১৯ দল। দু’জন মিলে ৫ ওভারে ৩৬ রান তোলেন। ষষ্ঠ ওভারের দলীয় ৪০ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। ১৯ রানে বিদায় নেন জারিফ। রানের খাতা খোলার আগেই তিনে নামা অদ্রিতো সাজঘরে ফেরেন।

চতুর্থ উইকেটে মামুন ও আল মুহি ইনিংস মেরামতের দায়িত্ব নেন। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন মুহি। মামুনের ব্যাট থেকে আসে ৩৭ রান। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন রবিউল হাসান অনিক। তার ব্যাটে ভর করে ৪৯.৩ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩ উইকেট নেন। আজিজুল হাকিম ও আহরার আমিন পিয়ান নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার মাহফুজুর রাব্বির। জবাবে ভালো শুরু পায় অনূর্ধ্ব-২৩ দল। খালিদ হাসান ও জাওয়াদ আবরারের ওপেনিং জুটিতে আসে ৫২ রান। ২৮ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে খালিদ ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

পরে আজিজুল হাকিম তামিম ৪৫ বলে ২৮ এবং জাওয়াদ আবরার ৩০ বলে ২৬ রান করেন। আহরার ২৪ বলে ২৫ রান করে ফিরলেও রিজান লড়াই চালিয়ে যান। তবে ফিফটির কাছাকাছি গিয়ে ৭৫ বলে ৪৪ রান করে আউট হন তিনি।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২৬ বলে ১৬ রান করে চেষ্টা চালালেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল আবদুর রহিম। তিনি ৪ উইকেট নেন। আল রাফি ও তাফিউল আলম তামিম নেন দুটি করে উইকেট।