সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না, যাচাই করবে প্রসিকিউশন

সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না, যাচাই করবে প্রসিকিউশন

ফন্ট সাইজ:

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলাটি তদন্তের জন্য আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন নিহতদের পরিবার। এদিকে মামলাটি ট্রাইব্যুনালে আনা যায় কি না, তা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এদিকে মামলার বাদী নওশের রোমান চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি ট্রাইব্যুনালে আনার বিষয়ে অনুরোধ জানিয়েছেন।

রোববার চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে মামলার বাদী নওশের রোমান সাংবাদিকদের বলেন, সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেবেন তিনি। মামলায় নতুন করে যাদের নাম আসছে, তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে বিষয়ে চিফ প্রসিকিউটরের কাছে অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি।

নওশের রোমান বলেন, ‘যাদের নাম নতুন করে আসছে, তারা যেন দেশ ছেড়ে যেতে না পারে—চিফ প্রসিকিউটরকে সেই অনুরোধ করেছি। প্রকৃত অপরাধীরা যাতে গ্রেপ্তার হয়, আমরা সেটাই চাই।’
এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার কথা জানান প্রসিকিউটর তানভীর জোহা। তিনি বলেন, ‘তিন-চারজন সন্দেহভাজন চিহ্নিত হয়েছে। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাগর-রুনি হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় আনা যায় কি না, তা আইনগতভাবে যাচাই-বাছাই করা হবে।
এর আগে সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ভিন্ন একটি মামলার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এরপরই মামলাটি ট্রাইব্যুনালে আনার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।