ড্যাপের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট

ড্যাপের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট

ফন্ট সাইজ:

ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ড্যাপের সঠিক বাস্তবায়ন না হওয়ায় রাজধানীতে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে—এমন অভিযোগে এ রিট করা হয়। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়েছে।
রিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউক চেয়ারম্যানসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া রিটটি দায়ের করেন। জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনও রিটের সঙ্গে যুক্ত করা হয়েছে।

রিটে বলা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে ড্যাপের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না। একইসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুর্নীতিকেও ড্যাপ বাস্তবায়নের অন্যতম বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিটকারীর অভিযোগ, রাজধানীতে অহরহ নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা হচ্ছে। কোনো ভবনের অনুমোদিত নকশায় ১০ তলা থাকলেও অনেক ক্ষেত্রে ১২ তলা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। ড্যাপ যথাযথভাবে বাস্তবায়ন করা হলে এ ধরনের অনিয়ম ও নকশাবহির্ভূত নির্মাণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনসহ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ড্যাপের পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চাওয়া হয়েছে।