ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নগরকান্দা উপজেলার লস্করদিয়ার ইউনিয়নের হাসানহাটি গ্রামের দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন। অপর দুইজন চয়নের বন্ধু একই গ্রামের এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ভাঙ্গা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু নগরকান্দার দিকে যাওয়ার সময় নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন নিহত হন। অপর দুই আরোহী নয়ন ও সিয়াম গুরুতর আহত হলে তাদের প্রথমে ফরিদপুরে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে ভাঙা গোলচক্কর এলাকায় ঘুরতে এসেছিলেন। বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
