জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা ও ভেন্যুর সার্বিক পরিবেশ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে এশিয়ার শীর্ষ পাঁচ ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রীড়া ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান আয়োজকদের অপ্রতুল সুযোগ-সুবিধা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। খেলোয়াড়দের আবাসনের জন্য আয়োজকরা কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে। বিকল্প আবাসন হিসেবে শহরে হোটেলের ব্যবস্থা করা হলেও সেখানে যেতে বুলেট ট্রেনে যাতায়াত করতে হবে। সেটা সম্ভব না হলে ক্রুজ শিপ অথবা তাবু তৈরি করে সাময়িক বাসস্থানের প্রস্তাব দিয়েছে আয়োজক জাপান।
মূল আপত্তি হোটেল কক্ষের আয়তন নিয়ে। বোর্ড প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, বরাদ্দ করা ঘরগুলো এতটাই ছোট যে দুজন খেলোয়াড় নিজেদের লাগেজ ও ভারী ক্রিকেট কিটব্যাগ রাখার পর হাঁটাচলার জায়গাও পাবেন না। থাকার জায়গার পাশাপাশি নিশিন সিটির কো রোগি স্পোর্টস পার্কের ক্রিকেট ভেন্যু নিয়েও তৈরি হয়েছে নানা বিতর্ক। একটি বেসবল মাঠকে সাময়িকভাবে ক্রিকেটের উপযোগী করার চেষ্টা চলছে। যা আন্তর্জাতিক মানদণ্ডের ধারেকাছেও পড়ে না। আন্তর্জাতিক মানের কোনো স্থায়ী ড্রেসিংরুমও নেই। বিকল্প হিসেবে টানানো হয়েছে ক্যানভাসের তাঁবু। খেলোয়াড়দের ওয়াশরুম ড্রেসিংরুমের তাঁবু থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত। অন্যান্য ক্রীড়া ফেডারেশন আগেভাগে তাদের অ্যাথলেটদের জন্য সব সুবিধা নিশ্চিত করলেও এসিসির ঢিলেঢালা পদক্ষেপের কারণে এখন চরম ভোগান্তির মুখে আন্তর্জাতিক ক্রিকেটাররা।
আসন্ন আসরে পুরুষ বিভাগে ১০টি ও নারী বিভাগে ৮টি দল অংশ নেয়ার কথা থাকলেও পরিস্থিতির সুরাহা না হলে টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
