সারাদেশে অবৈধ ও লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারের জন্য জোরদার অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি বলেন, ‘অবৈধ ও লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরার জন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে আমরা সেই কার্যক্রম পরিচালনা করব। এটা চালু আছে, এগুলো জোরদার করার জন্য আমরা আজকে আরও পরামর্শ দিয়েছি এবং কিছু কৌশল প্রণয়ন করেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই—লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধাররের জন্য বিশেষ ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছেন আরো জোরদার করার জন্য।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সময়সীমা বেঁধে দিয়েছি। যে সমস্ত কর্মকর্তা চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবেন না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সেই সময়সীমা এখনো শেষ হয়নি।’
