গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত জামাইয়ের কুড়ালের কোপে কলা ব্যবসায়ী মজিদ মোড়ল (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর কলাপট্টি এলাকায় নিজের দোকানে এ ঘটনা ঘটে। নিহত মজিদ মোড়ল জামালপুর মধ্যপাড়া এলাকার মৃত আলতু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকার (৩৫) উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের ছেলে এবং নিহতের জামাতা।
এদিকে, শ্বশুর মজিদ মোড়লকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত জামাই মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকার (৩৫) আজ শনিবার সকালে থানায় আত্মসমর্পণ করেছেন। বিষয়টি কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক শফিক নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মজিদ মোড়লের মেয়ে শাহানাজ বেগমের সঙ্গে মোজাম্মেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মাদক সেবন করে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে শাহানাজ একাধিকবার স্বামীর বাড়ি ছেড়ে পিতার বাড়িতে চলে আসেন। সম্প্রতি তিনি সেখানেই অবস্থান করছিলেন।
স্বজনদের অভিযোগ, স্ত্রীকে নিপীড়ন করা নিয়ে মোজাম্মেলের সঙ্গে শ্বশুর মজিদ মোড়লের বিরোধ তৈরি হয়। এর জেরে শুক্রবার বিকেল ৪টার দিকে মোজাম্মেল একটি ট্রলি ব্যাগে কুড়াল নিয়ে মজিদের কলার দোকানে যান। সেখানে ব্যাগ থেকে কুড়াল বের করে মজিদকে এলোপাতাড়ি কোপান। গুরুতর আহত হয়ে মজিদ মাটিতে পড়ে গেলে মোজাম্মেল ঘটনাস্থলে ট্রলি ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয়রা মজিদ মোড়লকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার পর জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর পাশাপাশি এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গাজীপুরে শ্বশুরকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
২৯ আগস্ট (শনিবার), ২০২৬, ১২ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
