রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮শে আগস্ট) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।
অভিযানে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি হাঁসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
