আর-জি করে ধর্ষণ ও খুনের তদন্ত সিবিআইকে তিন সপ্তাহে শেষ করার নির্দেশ

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের কলকাতার আর-জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত তিন সপ্তাহের মধ্যে সিবিআইকে শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার রুদ্ধদ্বার কক্ষে এক শুনানিতে বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের নতুন তদন্তকারী দলকে এই নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এদিনের শুনানিতে বেঞ্চের সামনে সিবিআই তদন্তের অগ্রগতির বিষয়ে জানিয়েছে। আর-জি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবারের তরফে এই মামলায় ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআই আদালতে জানিয়েছে, তারা ১৬টি বিষয় খতিয়ে দেখেছে। এর আগের দিনের শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।

আদালতের বক্তব্য ছিল, পুরনো তদন্তের দ্বারা প্রভাবিত হচ্ছে নতুন তদন্তকারী দলটিও। বেঞ্চ এ-ও নির্দেশ দিয়েছিল, এই মামলার শুরুর দিন থেকে বারবার আমরা বলছি, সেদিন রাতে ঘটনাস্থল থেকে শ্মশানঘাট পর্যন্ত কী কী হয়েছিল, তা পুনরায় খতিয়ে দেখতে হবে। শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত। আদালতের বক্তব্য ছিল, পুরনো তদন্তের দ্বারা প্রভাবিত হচ্ছে নতুন তদন্তকারী দলটিও। বেঞ্চ এ-ও নির্দেশ দেয়, এই মামলার শুরুর দিন থেকে বারবার আমরা বলছি, সেদিন রাতে ঘটনাস্থল থেকে শ্মশানঘাট পর্যন্ত কী কী হয়েছিল, তা পুনরায় খতিয়ে দেখতে হবে।

শুক্রবারের শুনানিতে সিবিআই জানিয়েছে তারা আর-জি কর হাসপাতালে গিয়েছিল। সিবিআই আরও জানিয়েছে, চিকিৎসকদের জন্য রাতের খাবার এনেছিলেন যে ডেলিভারি বয়, তদন্তকারীরা ওই ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়াও সেদিন রাতে কর্মরত যে চার চিকিৎসক নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আর-জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত প্রথম শুরু করেছিল কলকাতা পুলিশ। তারাই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। পরে ওই মামলার তদন্তভার তুলে দেয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তারা চার্জশিটে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করে এবং শিয়ালদহ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কিন্তু সিবিআই বা পুলিশের তদন্তে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল চিকিৎসকের পরিবার। তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আদালত কেন্দ্রীয় সংস্থাকেই নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী নতুন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে সিবিআই ফের তদন্ত শুরু করেছে।