নেপাল থেকে ৭০ কিলোমিটার দূরে ভারতে ভেসে আসা সাতটি দেহ উত্তরপ্রদেশের নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের সীমান্তবর্তী মহারাজগঞ্জ এবং কুশীনগর জেলার নেপাল থেকে বয়ে আসা নদীগুলো থেকে দেহগুলো পাওয়া গিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে। প্রশাসনের মতে, নেপাল সীমান্ত পেরিয়ে অন্তত ৭০ কিলোমিটার ভেসে এসেছে দেহগুলো। গত বৃহস্পতিবার মহারাজগঞ্জের নদীতে ভাসতে দেখা যায় চারটি দেহ। সেগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। ওই জেলার জেলাশাসক গৌরব সিংহ সোগরবাল বলেছেন, ‘আমাদের মনে হয়, নেপালে হড়পা বানের পর সেখান থেকে দেহগুলো ভেসে এসেছে।’ পরে আরও তিনটি দেহ নদীতে দেখা যায় কুশীনগর জেলায়।
নেপালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে অন্যতম দক্ষিণ চিতোয়ান। তার গায়েই উত্তরপ্রদেশের এই দুই জেলা। দেহগুলো যাতে দ্রুত শনাক্ত করা যায়, সেই চেষ্টা চালাচ্ছেন জেলা প্রশাসন। গত বুধবার নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বানে আসা পানি আর কাদামাটির বিপুল স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু সব ভেসে গিয়েছে। এখনো পর্যন্ত ৫৩৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো হাজারের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে তিন শতাধিক ভারতীয়। অধিকাংশ গিয়েছিলেন, কৈলাস-মানস সরোবর দর্শনে।
