ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সংসদ ভবনের সামনে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের জেরে ছড়িয়ে পড়া সহিংসতার পর বেশ কিছু বাস ও ট্রেন রুট স্থগিত বা পরিবর্তন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার শুরু হওয়া এই বিক্ষোভ শেষ পর্যন্ত গভীর রাতের দাঙ্গায় রূপ নেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছর দুই সপ্তাহব্যাপী প্রাণঘাতী দুর্নীতিবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এবং বিভিন্ন সরকারি নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হাজার হাজার মানুষ সংসদ ভবনের সামনে জড়ো হন।
কঠোর নিরাপত্তার মধ্যে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার কথা থাকলেও, রাতের দিকে কালো পোশাকধারী কিছু লোক রাস্তায় অবস্থান নিয়ে একটি পুলিশ পোস্ট ও দু’টি মোটরসাইকেলে আগুন দেয় এবং পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। জাকার্তায় নিযুক্ত পুলিশের মুখপাত্র বুদি হারমান্টো গণমাধ্যমকে দাঙ্গার বিষয়টি নিশ্চিত করে জানান যে, ভাঙচুর ও বিশৃঙ্খলা সমাজ ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
এই সহিংসতার পর শুক্রবার জাকার্তার কমিউটার রেললাইনের বেশ কিছু রুট সাময়িকভাবে স্থগিত বা পরিবর্তন করা হয়েছে এবং সংসদ ভবনের আশপাশের বাস রুট ও টোল রোডগুলোও বন্ধ রাখা হয়েছে। এদিকে গত বছর বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জন্য এই বিক্ষোভ বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার উচ্চাভিলাষী ও ব্যয়বহুল জনকল্যাণমূলক নীতিগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়ায় সমপ্রতি টেম্পো ম্যাগাজিনের এক জরিপে তার জনপ্রিয়তার হার কমে দাঁড়িয়েছে মাত্র ৩৮ ভাগে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবারই অন্তত ৬৫ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে এয়ার গান, যোগাযোগ সরঞ্জাম ও ককটেল তৈরির উপকরণ জব্দ করেছে।
