সীতাকুণ্ডে সাগর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের উপকূল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (প্রায় ৪৫ বছর) পচনশীল লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে সাগরের উপকূলে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। নৌ-পুলিশ জানায়, লাশটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচনশীল অবস্থায় ছিল।

শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে ছিল নীল রংয়ের হাফপ্যান্ট ও লাল রংয়ের গেঞ্জি। স্থানীয়দের কেউ লাশটি শনাক্ত করতে পারেননি। কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. আব্দুল ওয়াহেদ বলেন, লাশটি পচনশীল অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের মাধ্যমে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে লাশটি চমেক মর্গে রয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মৃত্যু সংবাদ পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।