সাদা পোশাকে উজ্জ্বল বাংলাদেশের পেসাররা। ২০২৪ সালের মার্চের পর গতির হিসাবে বিশ্বের দ্বিতীয় সেরা পেস আক্রমণ টাইগারদের। এ সময়ে টেস্ট ক্রিকেটে ১৪০ কিলোমিটার বেগে অস্ট্রেলিয়ার পেসাররা ২২.০৭ শতাংশ বল করেছেন। ২১.৭৮ শতাংশ নিয়ে দুইয়ে বাংলাদেশের পেসাররা। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পেসারা ১১.৭০ শতাংশ বল ১৪০ কিলোমিটার গতিতে বল করেছেন। এই পার্থক্যকে আরও স্পষ্ট করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তার মতে, ঘরের মাঠে তাসকিন-নাহিদ-শরীফুলদের নিয়ে গড়া পেস আক্রমণ তাদের কঠিন চ্যালেঞ্জে ফেলবে।
আড়াই মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। জোহানেসবার্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৫ই নভেম্বর। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু ২৩শে নভেম্বর। এ সিরিজের আগে বেশ সতর্ক প্রোটিয়া অধিনায়ক অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করে ডানহাতি ব্যাটার বলেন, ‘বাংলাদেশের বোলিং আক্রমণ ভালো এবং তারা অবশ্যই আমাদের চাপে রাখবে।’ চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টাইগার পেসার নাহিদ রানার। ১৬ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন এ ডানহাতি পেসার। তালিকায় ১১ ও ১২ নম্বরে থাকা তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের শিকার ৩০ ও ২৯ উইকেট। কিছুদিন আগে শেষ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুই টেস্টের তিন ইনিংসে ২২ উইকেট নিয়েছেন পেসাররা। বিশেষ করে হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে ডারউইন টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেটি নজর এড়ায়নি বাভুমার। তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখেছি, যেখানে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হেরে গেছে।
তারা নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে চাইবে। যদি কোনো চাপ থাকে, সেটা হলো সেই চাপের সঙ্গে মানিয়ে নেয়া এবং তা সামলে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারা।’ ২০২৫ সালের জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। নতুন চক্রে ফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে রয়েছে তারা। পয়েন্ট তালিকার দুইয়ে দক্ষিণ আফ্রিকা। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। নতুন চক্রে বাড়তি চাপ অনুভব করছেন বাভুমা। তিনি বলেন, ‘এখন প্রতিপক্ষ দলগুলো এক নম্বর দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতে আরও বেশি মরিয়া থাকবে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ১৬ টেস্টের ১৪টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।
