গভীর অর্থ সংকটে সাফ হচ্ছে না বয়সভিত্তিক আসর

ফন্ট সাইজ:

গতকাল পুরুষ অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। নভেম্বরে এশিয়ার সাত দেশে বাছাই পর্বের খেলা। কয়েক বছর ধরে এএফসি’র এই টুর্নামেন্টের আগে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। অর্থ সংকটের কারণে এবার পুরুষদের পাশাপাশি নারীদেরও এই টুর্নামেন্ট হচ্ছে না। দক্ষিণ এশিয়ার দেশগুলো যেন এশিয়ার বাছাইতে ভালো করে এবং প্রস্তুতি ঠিকঠাক হয় এজন্য সাফ এএফসি টুর্নামেন্টের আগে অনূর্ধ্ব-১৭ আয়োজন করতো। এবার না করার কারণ সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘আমরা এবার আর্থিক কারণে এই টুর্নামেন্টে আয়োজন করতে পারছি না। আমাদের মার্কেটিং পার্টনার পরিবর্তন হয়েছে এটাও একটা বিষয়। ফুটবল উন্নয়নের জন্য এটি অবশ্যই দরকার। তবে সামনে আবার করবো সেটা নিয়ে কাজ চলছে।’ সাফের মূল পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ দিয়ে।

২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুর পর আর এই টুর্নামেন্ট হয়নি। এবার নভেম্বরে ঢাকায় হওয়ার কথা। বিশ্বকাপের পরই এক অনুষ্ঠানে লোগো উন্মোচন হয় টেকনোর নামে। এ নিয়ে সাফ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে সাফের স্বত্ব নিয়েছে টিএসএ। তারা এই টুর্নামেন্টের মার্কেটিং পার্টনার। তারা টুর্নামেন্টের স্পন্সর ও অন্য বিষয়গুলো দেখবে আমরা তাদের থেকে একটা আর্থিক অঙ্ক পাবো।’ ২০২১ সালে মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে টাকা পেতে অনেক বিড়ম্বনায় পড়েছিল সাফ। এবার বাংলাদেশি কোম্পানি টিএসএ’র সঙ্গে চুক্তি করে কতোটুকু লাভবান হয় দেখার বিষয়। টিএসএ নারী ফুটবল লীগের ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে। সেই লীগে ব্র্যান্ডিং ও অতিরিক্ত ব্যয় নিয়ে খোদ বাফুফের অনেকের কাছেই প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময়ে সাফের প্রশাসনিক ব্যয় বেড়েছে অনেক। যেকোনো টুর্নামেন্টে অনেক স্টাফসহ খোদ সাধারণ সম্পাদক যান। সেখানে বড় অঙ্কের দৈনিক ভাতা খরচ হয়। যা আগে ছিল খুবই সামান্য পরিমাণে। গত এক বছরে গঠনতন্ত্র সংশোধন, এজিএম ও নির্বাহী সভাতেও অনেক ব্যয় হয়েছে। যদিও এ বিষয়ে কথা বলতে সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে ফোনে পাওয়া যায়নি।