বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপ খেলতে চীনে যাচ্ছে যুবারা

বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপ খেলতে চীনে যাচ্ছে যুবারা

ফন্ট সাইজ:

জুনিয়র এশিয়া কাপ খেলতে আজ রাতে চীনে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। হুলনবুইরে ৪ঠা সেপ্টেম্বর থেকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত হবে একাদশ আসর। যেখানে অংশ নিচ্ছে এশিয়ার ১০টি দল। টুর্নামেন্টের সেরা ৬ দল সরাসরি যুব বিশ্বকাপের টিকিট পাবে। সেই লক্ষ্যে জুনিয়র এশিয়া কাপে সেরাটা দিতে চায় বাংলাদেশ।
টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় হকি দলের মুখোমুখি হয় অনূর্ধ্ব-২০ দল। সেই ম্যাচে সিনিয়র জাতীয় দলের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হারে জুনিয়র দল। দলের হয়ে জনি, তৈয়ব এবং আশরাফুল আলম প্রত্যেকেই একটি করে গোল করেন। জাতীয় দলের এই জয়ে মূল ভূমিকা রাখেন আশরাফুল। করেন হ্যাটট্রিক।

জাতীয় দলের হয়ে বাকি অন্য গোলটি করেন রকি। টুর্নামেন্টে বাংলাদেশ যুব দলের কোচের দায়িত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গিলস বোনেট। দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘সবকিছু ভালোই চলছে। তাদের উন্নতি চোখে পড়ার মতো। সিনিয়রদের বিপক্ষে শেষ দুই ম্যাচে আমরা বেশ ভালো খেলেছি। আশা করি টুর্নামেন্টে ভালো করতে পারবো। গত যুব বিশ্বকাপে বাংলাদেশ ১৭তম হয়েছে। এক বছর ছেলেরা পরিশ্রম করলে সেরা আটে যেতে পারবে।’ চীনে যাওয়ার আগে ডিফেন্ডার সোহরাব হোসেন বলেন, ‘আমরা সিনিয়র দলের সঙ্গে ৯টি প্র্যাকটিস ম্যাচ খেলেছি। সিনিয়র দলের সঙ্গে সরাসরি ম্যাচ খেলতে পারাটা বড় সুযোগ। দিনে দিনে আমরা উন্নতি করেছি। সিনিয়ররা যেভাবে খেলে সেই প্যাটার্নটা বোঝার চেষ্টা করেছি। বিশেষ করে স্পিডে উন্নতি হয়েছে বেশি।’

টুর্নামেন্টের প্রত্যাশা নিয়ে সোহরাব বলেন, ‘আশা করি বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাবো আর এ টুর্নামেন্টে প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল নিশ্চিত করা।’ ২০২৫ যুব হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ। প্রথমবার অংশ নিয়ে টুর্নামেন্টে ২৪ দলের মধ্যে ১৭তম স্থান অর্জন করে। সেই অর্জন ধরে রাখার আশাবাদ রাখেন সোহরাব। তিনি বলেন, ‘সিনিয়ররা যেহেতু একবার খেলেছে, আমরা সেটার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
এবারের জুনিয়র এশিয়া কাপ হকিতে দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। টুর্নামেন্টে লাল-সবুজ যুবাদের প্রতিপক্ষ স্বাগতিক চীন, কাজাখস্তান, মালয়েশিয়া ও পাকিস্তান।

গ্রুপ ‘এ’-তে রয়েছে চাইনিজ তাইপে, ভারত, ইন্দোনেশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া। ৪ঠা সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। একদিন বিশ্রামের পর ৬ই সেপ্টেম্বর যুবাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। ৮ই সেপ্টেম্বর কাজাখস্তান ও ৯ই সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। ১১ই সেপ্টেম্বর দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। ১৩ই সেপ্টেম্বর ফাইনালের মধ্যদিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।