ঘরোয়া ফুটবলে দলবদল শেষ হবে ৩রা সেপ্টেম্বর। এর আগে ফুটবলার নিবন্ধনের জন্য ক্লাবগুলোকে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। শুক্রবার ছিল লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং করতে পারেনি বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স। ফিফার নিষেধাজ্ঞার কারণে তাদের সেই প্রক্রিয়া আটকে রয়েছে। কিংসের চার ও ফকিরেরপুলের দু’টি নিষেধাজ্ঞা এখনো বহাল।
এবারই প্রথম নয়, মৌসুম শুরুর আগে থেকেই ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা একাধিকবার বাড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিকভাবে সময়সীমা ছিল ৪ঠা আগস্ট পর্যন্ত।
এরপর প্রথম দফায় তা বাড়িয়ে করা হয় ৭ই আগস্ট। দ্বিতীয় দফায় ১১ই আগস্ট। এরপরও জটিলতা না কাটায় আরেক দফা সময় দেয়া হয় ২৯শে আগস্ট পর্যন্ত। এবার সেই মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ফের বাড়ানো হলো সময়সীমা। জানা গেছে, বসুন্ধরা কিংস ইতিমধ্যে ফুটবলারদের প্রাপ্য বকেয়া শোধ করেছে। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে ফিফার নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হতে আরও ২-৩ কর্মদিবস প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে বাফুফের একটি নির্ভরযোগ্য সূত্র। বাংলাদেশ ফুটবল লীগের বর্তমান চ্যাম্পিয়ন দলটিকে তাই আরও চার দিন সময় বাড়িয়ে দেয়া হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে ক্লাব লাইসেন্স করতে পারবে কিংস। তবে ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়লেও ৩রা সেপ্টেম্বরের পর দলবদলের সময় আর বাড়ানোর কোনো সুযোগ থাকছে না বলেও নিশ্চিত করেছে সূত্রটি।
বাংলাদেশ ফুটবল লীগে অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সকেও অবশ্য লীগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। তারাও রয়েছে ফিফার রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞার তালিকায়। দুই ফুটবলারের সঙ্গে বকেয়া পরিশোধ নিয়ে চুক্তি করলেও, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের ব্যাংক কপি এখনো ফেডারেশনের কাছে জমা পড়েনি। অন্যদিকে, বসুন্ধরা কিংস প্রায় সপ্তাহখানেক আগেই তাদের পাওনা পরিশোধ করে ব্যাংকের কপি ফেডারেশনে জমা দিয়ে বিষয়টি অবহিত করেছে। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ইতিমধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদল প্রক্রিয়া সম্পন্ন করছে।
আর্থিক সংকটের মধ্যেও তারা বিদেশি ফুটবলার দলে নিয়েছে। ২০১৪ সালে নাইজেরিয়ার হয়ে ব্রাজিল বিশ্বকাপ খেলা এক ফুটবলারকে এবার দলে নিয়েছে আকাশি-নীল শিবির। ৩রা সেপ্টেম্বর দলবদল শেষ হওয়ার পর ঘরোয়া ফুটবল ঠিক কবে নাগাদ মাঠে গড়াবে, তা নিয়ে এখনো সংশয় কাটেনি। ফেডারেশন ১৮ই সেপ্টেম্বর লীগ শুরুর ঘোষণা দিলেও নির্ধারিত সময়ে লীগ শুরু করা চ্যালেঞ্জ হতে পারে।
