নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা প্রলয়ংকরী আকস্মিক বন্যায় অন্তত ৪৭২ জন নিহত এবং শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেপালেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে এবং সেখানে ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া হেলিকপ্টারযোগে ৩ হাজার ২৫৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহত দেড় শতাধিক মানুষকে কাঠমান্ডুসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে চীনের তিব্বতের গিরোং কাউন্টিতে অন্তত তিনজন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩০টিরও বেশি দেশের নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ভারতের ২৮৮ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, ইউক্রেনের ৫৫ জন, মালয়েশিয়ার ৫১ জন, অস্ট্রেলিয়ার ৩৯ জন এবং বৃটেনের ৩৩ জন নাগরিক রয়েছেন।
চীন ও নেপালের সীমান্তবর্তী গিরোং বন্দর এবং নেপালের রাসুয়া, নুওয়াকোট ও ধাদিং জেলায় এই মহাবিপর্যয় ঘটে। হিমবাহ ধসে সৃষ্ট এই বন্যায় বহু পর্যটক, তীর্থযাত্রী ও স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। নেপালের ত্রিশূলী নদীর তীরে অবস্থিত জনবসতি ও অবকাঠামো এই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালাতে ভারত ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ও কাদার নিচে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।
