৩০ দেশের নাগরিক নিখোঁজ, কোন দেশের কতজন?

নেপাল ও তিব্বতে বন্যা

৩০ দেশের নাগরিক নিখোঁজ, কোন দেশের কতজন?

ফন্ট সাইজ:

নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা প্রলয়ংকরী আকস্মিক বন্যায় অন্তত ৪৭২ জন নিহত এবং শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেপালেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে এবং সেখানে ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া হেলিকপ্টারযোগে ৩ হাজার ২৫৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহত দেড় শতাধিক মানুষকে কাঠমান্ডুসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে চীনের তিব্বতের গিরোং কাউন্টিতে অন্তত তিনজন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। বিভিন্ন দেশের নিখোঁজ নাগরিকদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নেপাল ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। নিখোঁজদের মধ্যে ৩০টিরও বেশি দেশের নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ভারতের ২৮৮ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, ইউক্রেনের ৫৫ জন, মালয়েশিয়ার ৫১ জন, অস্ট্রেলিয়ার ৩৯ জন এবং বৃটেনের ৩৩ জন নাগরিক রয়েছেন। এছাড়াও হালনাগাদ তালিকা অনুযায়ী বিভিন্ন দেশের নিখোঁজ নাগরিকদের মধ্যে সিঙ্গাপুরের ৯ জন, জার্মানির ৮ জন এবং রাশিয়ার ৮ জন (যার মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে) রয়েছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার ৬ জন, লাটভিয়ার ৬ জন, জাপানের ৫ জন এবং নিউজিল্যান্ডের ৫ জন নিখোঁজ রয়েছেন। ফ্রান্সের ৪ জন এবং স্পেনের ৪ জন নিখোঁজ রয়েছেন বলে স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদিও নেপাল ট্যুরিজম বোর্ড ৩ জনের কথা উল্লেখ করেছে।

বেলজিয়ামের ৩ জন, হাঙ্গেরির ৩ জন (হাঙ্গেরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় অনুযায়ী, তবে নেপাল বোর্ড ১ জনের কথা জানিয়েছে) এবং পর্তুগালের ৩ জন (যার মধ্যে ১ জনকে খুঁজে পাওয়া গেছে) নিখোঁজ রয়েছেন। নেদারল্যান্ডসের ২ জন, আয়ারল্যান্ডের ২ জন এবং কাজাকিস্তানের ২ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ইতালির ৩ জন নিখোঁজ থাকলেও বোর্ডার সূত্রে ২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। বেলারুশ, ফিনল্যান্ড, ইসরাইল, লিথুয়ানিয়া, ফিলিপাইন, সার্বিয়া এবং সুইডেনের প্রত্যেকে ১ জন করে নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি সুইজারল্যান্ড ও বুলগেরিয়ার ১ জন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে।

এদিকে চীন ও নেপাল সীমান্তে উদ্ধার করা ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে চীন সরকারের পক্ষ থেকেও তথ্য জানানো হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের সীমান্ত থেকে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছেন, তবে তাদের সুনির্দিষ্ট জাতীয়তার কোনো আলাদা তালিকা প্রকাশ করা হয়নি। এছাড়া নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে যে, এখনও জাতীয়তা নিশ্চিত করা যায়নি এমন আটজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।