মরদেহ পৌঁছেছে নওগাঁয়, একসঙ্গে হবে জানাজা

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশি

মরদেহ পৌঁছেছে নওগাঁয়, একসঙ্গে হবে জানাজা

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাই উপজেলায় নিয়ে আসা হয়। এর আগে বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে মরদেহগুলো দেশে আনা হয়।

মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছানোর পর স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। নিহতদের মরদেহ একনজর দেখতে রাত থেকেই আত্রাই থানা কম্পাউন্ডে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।
শুক্রবার সকাল ১০টায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত সাতজন হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের সমন্বয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বিনা খরচে মরদেহগুলো আত্রাইয়ে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে এসেছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতটি মরদেহের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জেলা ও উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।