রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ, এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ, এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ

ফন্ট সাইজ:

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।  নিখোঁজ রয়েছেন একজন। একই ঘটনায় আহতদের সাতজন বাংলাদেশি। গত মঙ্গলবার দেশটি আমুর অঞ্চলে ওই কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণ হয়। ইউএনবির প্রতিবেদনে বলা হয়,  মস্কোয় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত শ্রমিকের নাম জাকির হোসেন। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ বাংলাদেশি শ্রমিকের নাম মো. আলাল হোসেন রাজু। তিনি মেহেরপুরের গাংনীর বাসিন্দা। বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মস্কোয় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওই কমপ্লেক্সটি চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত। দুর্ঘটনায় কয়েকজনের মরদেহ এমনভাবে পুড়েছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ আলাল হোসেনও এসব মরদেহের মধ্যে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

দূতাবাস জানিয়েছে, আহত সাত বাংলাদেশি শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউ চিকিৎসাধীন। মস্কোয় নেয়ার পর আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়টি বাংলাদেশ দূতাবাস দেখভাল করবে বলে জানিয়েছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য ও সহায়তার জন্য দূতাবাস ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে।  তথ্যের জন্য +৭৯১৬২৩২৩০১৫ (মস্কোয় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি) ও +৭৯৮৯১১৩৯১৬৯ (মস্কোয় বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ফার্স্ট সেক্রেটারি) নম্বরে যোগাযোগ করা যাবে।

আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স বিশ্বের অন্যতম বড় পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। এসব পণ্য রাশিয়া ও আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।