সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধে সরকারদলীয় এমপিদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলাকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপি’র সংসদীয়
দলের বৈঠক। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে বৈঠকে এ নির্দেশনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় সোয়া দুই ঘণ্টাব্যাপী বৈঠকে তৃণমূলের মানুষের কাছে সরকারের অবস্থান সঠিকভাবে তুলে ধরা এবং যেকোনো ধরনের অপপ্রচারের কড়া জবাব দেয়ার জন্য সংসদ সদস্যদের নির্দেশ দেয়া হয়।
বৈঠক সূত্র জানায়, বিদ্যুৎ ও সার সংকট বিষয়ে দলীয় এমপিদের ব্রিফ করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। সারের বিষয়ে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কৃষিমন্ত্রী সংসদ সদস্য না থাকায় তার স্থলাভিষিক্ত হয়ে সমাজকল্যাণমন্ত্রী সারের বিষয়ভিত্তিক হালনাগাদ তথ্য দেন।
বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বিগত সরকারের আমলে বিরোধী দলের ওপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের এখনো বহাল থাকার অভিযোগ তুললে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাদের সুনির্দিষ্ট তালিকা দেয়ার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাব দেয়ার জন্য মাঠপর্যায়ে সক্রিয় থাকার পরামর্শ দেন।
এ ছাড়া আগামী ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন (বিশেষ করে ইউনিয়ন পরিষদ) উপলক্ষে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেয়া এবং দলের ভেতর যেন কোনো ধরনের কোন্দল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সব সংসদ সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দেন। একইসঙ্গে সরকারের বিরুদ্ধে যেসব প্রচার, অপপ্রচার বা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং এর জবাব দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
