নতুন ক্লাবে ভোজিনিয়ার স্বপ্নীল অভিষেক

নতুন ক্লাবে ভোজিনিয়ার স্বপ্নীল অভিষেক

ফন্ট সাইজ:

সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতারাতি তারকা বনে যান কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। এরপর ব্যাপক তারকাখ্যাতি নিয়ে যোগ দেন চিলির অন্যতম শীর্ষ ক্লাব কোলো কোলোতে। নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হলো ৪০ বছর বয়সী এই গোলকিপারের, আর সেটাও হলো স্বপ্নের মতো। কোপা চিলির ম্যাচে ইউনিয়ন এস্পানিওলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ভোজিনিয়ার দল কোলো কোলো। নতুন ক্লাবের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই ক্লিনশিট রেখেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। কেপ ভার্দের আলোচিত এই গোলকিপারের প্রকৃত নাম জোসিমার এভোরা দিয়াস। বিশ্বকাপ শেষে গত ২৪শে জুলাই তার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় কোলো কোলো।

তবে কাগজপত্রের জটিলতা ও ব্যক্তিগত কিছু কারণে চিলিতে তার যাত্রা তিনবার পিছিয়ে যায়, যা নিয়ে সমর্থক ও ক্লাব কর্মকর্তাদের মধ্যে উদ্বেগও ছড়িয়ে পড়ে। সেই উদ্বেগ কাটিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ আমেরিকায় পা রাখেন ভোজিনিয়া এবং যোগ দেন দলের অনুশীলনে। তবে এরপরও সহজ ছিল না তার পথ। ভোজিনিয়া যোগ দেয়ার পর থেকে গতকালের আগ পর্যন্ত আরও তিনটি ম্যাচ খেলেছে কোলো কোলো, কিন্তু সেসব ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। মূল একাদশে জায়গা পেতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল ৪০ বছর বয়সী এই তারকাকে।

মূলত কোলো কোলোর প্রথম পছন্দের গোলরক্ষক ফের্নান্দো দে পল চোটে থাকায় একাডেমির ১৯ বছর বয়সী গোলকিপার গাব্রিয়েল মাউরেইরাকে খেলিয়ে আসছিলেন দলটির কোচ ফের্নান্দো অর্তিস। কোচ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন, নাম দিয়ে নয়, বরং পারফরম্যান্স দিয়েই মূল একাদশে জায়গা প্রমাণ করতে হবে ভোজিনিয়াকে। অবশেষে কাঙ্ক্ষিত সুযোগটি পান ভোজিনিয়া। আর প্রথম সুযোগেই দুর্দান্ত পারফর্ম করে দলকে কোনো গোল হজম করতে দেননি এই কেপ ভার্দীয় গোলরক্ষক।