অভিযুক্ত যুবক গ্রেপ্তার

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা

অভিযুক্ত যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সংবাদ সংগ্রহে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকাল ৩টার দিকে হামলার ঘটনার ঘটে। পরে এদিন দিবাগত রাত ৩টার দিকের সদর দক্ষিণের বিজয়পুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম শাওন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ। তিনি জানান, এ ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই আসামি।

থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে ডিবি। রাত ৩টার দিকে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আমরা ওই আসামিকে গ্রেপ্তার করি। তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার বিকালে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনা ঘটে। জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক তানভীর দিপু জানান, বুধবার দুপুরে আমরা সংবাদ সংগ্রহে লালমাইয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে যাচ্ছিলাম।

এ সময় সড়কের সামনে স্থানীয়দের তৈরি করা লোহার ব্যারিকেডের মধ্যে কয়েকটি গাড়ি আটকে পড়ে। এতে সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে আমি যানজটের কারণ জানতে সামনে এগিয়ে যাই। পরে লোহার ব্যারিকেডটি ওপরের দিকে ধরে একটি একটি করে গাড়ি সরে যেতে সহযোগিতা করি। এরই মধ্যে স্থানীয় শাওন নামের এক যুবক এসে কেন যানজট নিরসন করছি ও মানুষকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছি এটি নিয়ে আমার সঙ্গে বাক-বিতণ্ডা করে।

একপর্যায়ে সে আমার গায়ে ধাক্কা দেয়। পরে আমাকে সেভ করার জন্য সহকর্মী মারুফ এসে আমাদের ছাড়িয়ে নিয়ে আসেন। তিনি বলেন, ‘এ সময় শাওন কোনো কারণ ছাড়াই রড হাতে নিয়ে আমাদের দিকে তেড়ে আসেন। আমরা অনেক চেষ্টা করেছি তাকে ফেরানোর। স্থানীয় লোকজন তাকে নিয়ে যায়। আমরাও আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছিলাম। এ সময় হুট করে এসে পেছন থেকে এসে সহকর্মীর ঘাড়ে আঘাত করেন। এতে সে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমিও এগোতে গেলে সে আমার ওপর হামলা করেন।’