শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৪০ রান, হাতে ছয় উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এ লক্ষ্য তাড়া করা খুব কঠিন ব্যাপার নয়। সেই কাজটি করে দেখাতে পারেননি শামিম পাটোয়ারি-আরিফুল ইসলামরা। উল্টো তিন রানের ব্যবধানে পাঁচ উইকেট হারানোর পর ১৪৩ রানে থামে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) দলের ইনিংস। অ্যাডিলেড স্টাইকার্স একাডেমির কাছে হার ২১ রানে। এটি টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের এবারের আসরে এইচপি’র প্রথম হার। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার টমাস কেলি ও কনর কারোলির ব্যাটে দারুণ শুরু পায় অ্যাডিলেড। তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান তোলে তারা। চতুর্থ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার মোহাম্মদ রুবেল।
১৪ বলে ১৫ রান করা কনর কারোলিকে বোল্ড করেন। পাওয়ার প্লে’র আগে জেরেসিসি ওয়াদিয়াকে হারায় অ্যাডিলেট। ৬ ওভারে ৪৯ রান তোলে তারা। নবম ওভারে ওপেনার কেলিকে (৩৮ রান) ফেরান আরেক স্পিনার রাকিবুল হাসান। ৭৬ রানে ৩ উইকেট হারানো অ্যাডিলেডকে টেনে তোলেন হেরি নেলসন ও হেরি হান্ট। চতুর্থ উইকেটে ২৪ রানের জুটি গড়েন দু’জন। নেলসনকে ১৩ রানে ফেরান পেসার আবদুল গাফফার সাকলাইন। ৩৫ রান করা হান্টওকে ফেরান রুবেল। দুই সেট ব্যাটার সাজঘরে ফেরার পর নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানে থামে অ্যাডিলেডের ইনিংস।
জবাব নিতে নেমে এইচপি’র শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। তিনে নামা আরিফুল ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়েন অফফর্মে থাকা ওপেনার হাবিবুর রহমান সোহান। টানা তিন ম্যাচে দুই অঙ্ক ছুঁতে না পারা এ ব্যাটার অ্যাডিলেডের বিপক্ষে খেলেন ২৩ রানের ইনিংস।
অষ্টম ওভারে দলীয় ৬১ রানে সাজঘরে ফেরেন সোহান। ডানহাতি এ ব্যাটারের বিদায়ের পর সাব্বির রহমান রুম্মনও ক্রিজে টিকতে পারেননি। ডিলহনের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে আসে ৬ রান। অধিনায়ক ইফরান শুক্কুরকেও ফেরান ডিলহান। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন আরিফুল। তবে ১৮তম ওভারে শামিম পাটোয়ারির বিদায়ের পর ব্যক্তিগত ৬৬ রানে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর দ্রুত উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে এইচপি দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় ইফরান শুক্কুরের দল। দ্বিতীয় ম্যাচে হোবার্ট হেরিকেনস একাডেমির বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত থাকে। তৃতীয় ম্যাচে ভিক্টোরিয়া একাডেমির বিপক্ষে জয় পায় বাংলাদেশ এইচপি দল। টানা তিন জয়ের পর এবার হারের মুখ দেখলো লাল-সবুজ প্রতিনিধিরা।
