বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের উদ্যোগে ‘কিউট’ ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬। হোম অব বিএসপিএ’তে গতকাল ক্যারাম ইভেন্টের মাধ্যমে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং কিউট-এর নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন। এবার মোট ৮ ইভেন্ট ১২ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বিএসপি’র শতাধিক সদস্য। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সকল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে।
বিএসপিএ যুগ্ম সম্পাদক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ স্পোর্টস কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বানের পাশাপাশি সরকার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। জাহেদ পারভেজ চৌধুরী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মিসেস আসমা আশরাফী খেলাধুলার উন্নয়নে কিউট ভবিষ্যতেও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মো. সামন হোসেন, সংগঠনের আজীবন সদস্য সেলিম নজরুল হক, অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলমসহ বিএসপিএ’র অনেক সদস্য উপস্থিত ছিলেন।
