জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। ফুটবল ও প্রযুক্তিকে একসূত্রে গেঁথে দেশের তরুণ প্রজন্মের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যে এই পার্টনারশিপে যুক্ত হলেন হামজা। প্রতিষ্ঠানটির ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের দর্শন এই অংশীদারিত্বের মূল সুর।
বাংলাদেশের জার্সি গায়ে খেলার সিদ্ধান্তের পর থেকেই দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা এখন সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম। বিশেষ করে তরুণদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহকে কাজে লাগাতে হামজার সঙ্গে পার্টনারশিপের ঘোষণা দেয় টেকনো। ব্র্যান্ডটি ইতিমধ্যে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সরও বটে। হামজাকে যুক্ত করার মধ্যদিয়ে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে টেকনোর সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। পার্টনারশিপের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন কনজ্যুমার ক্যাম্পেইনেও যুক্ত থাকবেন তিনি।
একইসঙ্গে এআই-নির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করা টেকনো হামজার সঙ্গে এই পথচলায় স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির দিকেও বিশেষ গুরুত্ব দেবে। টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’
