পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন ক্রিকেটের কিংবদন্তি অধিনায়করা। এ দাবিতে পাকিস্তান সরকারকে একযোগে চিঠি লিখেছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সেই চিঠির ব্যাখ্যা দিয়ে ইংলিশ সাবেক মাইকেল আথারটন অভিযোগ করেছেন, রাষ্ট্রীয়ভাবে ইমরানকে জনজীবন ও ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে।
কারাবন্দি ইমরানের শারীরিক অবনতি ও চিকিৎসা নিয়ে উদ্বেগের জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে সম্প্রতি চিঠি লেখেন কিংবদন্তি অধিনায়করা।
ছয় মাসের ব্যবধানে পাঠানো এই দ্বিতীয় চিঠিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, নাসের হুসেইন, সুনীল গাভাস্কার, কপিল দেব ও ক্লাইভ লয়েডের মতো মহাতারকারা। স্কাই স্পোর্টস ক্রিকেটের এক পডকাস্টে সেই চিঠির ব্যাখ্যায় আথারটন বলেন, ‘গতকাল আমরা ২১ জন সাবেক অধিনায়ক আরেকটি চিঠি পাঠিয়েছি। এটি ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার একটি মানবিক আবেদন। তবে আমার মনে হয় মূল উদ্বেগের বিষয়টি ছিল, রাষ্ট্র যেভাবে ইমরানকে একপ্রকার মুছে ফেলার চেষ্টা করছে, সেটি। অথচ সামাজিক যোগাযোগের এই যুগে কাজটি করা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।’ চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সঠিক মেডিকেল বোর্ড দিয়ে যথাযথ চিকিৎসা না করিয়ে দ্রুত ইমরানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে।
পূর্বে তার চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং কারাবাসের অমানবিক পরিবেশ নিয়ে পরিবার ও বিরোধী দল শঙ্কা প্রকাশ করলেও সরকার তা বরাবরই অস্বীকার করে আসছে। ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এ প্রসঙ্গে বলেন, ‘আমরা কোনো জবাব চাচ্ছি না, কেবল অনুরোধ করছি যাতে একজন বন্দি হিসেবে তিনি ন্যূনতম মৌলিক সুযোগ-সুবিধা ও সেরা চিকিৎসা পান। তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।’
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতা পরিচালনার পর ২০২৩ সাল থেকে বিভিন্ন দুর্নীতির মামলায় কারাগারে বন্দি আছেন ইমরান। তবে তার দল ও সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
