ক্রেমলিনের দাবি-‘কোনো তথ্য নেই’
প্রতীকী ছবি

মস্কোতে মার্কিন সামরিক পরিবহন বিমান

ক্রেমলিনের দাবি-‘কোনো তথ্য নেই’

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য থেকে বিষয়টি জানা গেছে। এ তথ্য দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন নিবন্ধিত টেইল নম্বর ০৭-৭১৮১-এর বড় আকারের বোয়িং গ্লোবমাস্টার বিমানটি লাতভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি মস্কোর উদ্দেশে উড়ে যায়। গ্রিনিচ মান সময় মঙ্গলবার সকাল প্রায় ৭টার দিকে বিমানটি মস্কোয় অবতরণ করে। বিমানটিতে কোনো পণ্য বা যাত্রী ছিল কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।

বিমানটির মস্কোয় অবতরণের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, এ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় পৌঁছে। ইউরোপ থেকে রাশিয়ায় সরাসরি উড়ে যাওয়া সর্বশেষ মার্কিন নিবন্ধিত জেট বিমানটি ছিল চলতি বছরের জানুয়ারিতে। ওই বিমানে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়ায় গিয়েছিলেন।

এদিকে গত সপ্তাহে ক্রেমলিন জানিয়েছিল, উইটকফ ও কুশনারের মস্কো সফর নিয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা দীর্ঘদিন ধরে অনেকটাই স্থবির হয়ে আছে। এর মধ্যে ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যকার আলোচনাও আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।