তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানি সেনাপ্রধান

তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানি সেনাপ্রধান

ফন্ট সাইজ:

ইরানের রাজধানী তেহরান সফরের ঠিক আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে তাদের মধ্যে এ কথোপকথন হয় এবং এতে ইরান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা হয়েছে বলে বিষয়টি অবগত এক সূত্রের বরাতে এ খবর দিয়েছে সিএনএন।

সোমবার তেহরানে পৌঁছে ইরানের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাইয়ের সাথে বৈঠক করেছেন। বৈঠকে রেজাই হরমুজ প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনা ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ১৪ দফার সমঝোতা স্মারকের (এমওইউ) কথা উল্লেখ করে বলেন, শান্তি ফিরিয়ে আনতে হলে যুক্তরাষ্ট্রকে তার আচরণ পরিবর্তন করতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। তিনি অভিযোগ করেন, পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ ও কারিগরি আলোচনার জন্য গত জুনে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করছে। ফলে অঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে এবং ওয়াশিংটনের প্রতি অনাস্থা বাড়ছে। জবাবে সেনাপ্রধান আসিম মুনির জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।