নেপালে তিন বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি এবং কঠোর আইন প্রণয়নের দাবিতে রাজপথে নেমেছেন মানবাধিকারকর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার তিন দিন পর গত সপ্তাহে মধেশ প্রদেশের বারা জেলার সিমারার কাছে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বীরগঞ্জ-পাথলাইয়া সড়ক অবরোধ করে টানা অবস্থান কর্মসূচি পালন করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ হেফাজতে থাকা এক কিশোর আসামির জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ ওঠে এবং জনরোষ আরও বেড়ে যায়।
টানা বিক্ষোভের মুখে নিহত শিশুর পরিবারের সঙ্গে বৈঠক করে একটি লিখিত সমঝোতা চুক্তি করেছে সরকার। এতে সরকার জঘন্য অপরাধের ক্ষেত্রে আইন পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শিশুটির স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা জানিয়েছে। এদিকে দেশটিতে অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের সাজা আরও কঠোর করার বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, নেপাল পুলিশের তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে ২৫ হাজার ৫০০টিরও বেশি ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে ৩ হাজার ২০০ জনেরও বেশি ভুক্তভোগী ছিল ১০ বছরের কম বয়সী কন্যাশিশু।
