কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
এর আগে একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়ার তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হক নিহত হওয়ার ঘটনায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের তালিকায় তৎকালীন র্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। ওই সময় কক্সবাজার র্যাব-৭ এর আওতাধীন ছিল।
রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এক দিন পরই মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়া হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেন।
