সেমির গেরো ছিঁড়ে এবার ফাইনাল খেলতে চায় বাংলাদেশ

সেমির গেরো ছিঁড়ে এবার ফাইনাল খেলতে চায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে অবিস্মরণীয় শিরোপা জয়। এর আগে-পরে বারবার সেমিফাইনালে আটকে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে বাংলাদেশ দলের পথচলার গল্পটা এমনই। তবে এবার সেমিফাইনালের সেই গেরো ছিঁড়ে ফাইনাল খেলার লক্ষ্য নিগার সুলতানা জ্যোতির দলের। দুবাইয়ে আগামী ২৮শে আগস্ট শুরু হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের নতুন আসর। আট দেশের এই টুর্নামেন্ট খেলতে আগামীকাল সন্ধ্যায় দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। এর আগে গতকাল হয়ে গেল তাদের আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন। এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতির কমতি রাখেনি বাংলাদেশ। লম্বা সময় ধরে চলছে অনুশীলন ক্যাম্প।

যা এখন একদম শেষ পর্যায়ে। পরে আগামী সোমবার থেকে তারা শুরু করবে এশিয়া কাপে নিজেদের পথচলা। টুর্নামেন্টের গত আসরে সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে ঘরের মাঠে বৃষ্টির কারণে সেরা চারেও উঠতে পারেনি তারা। তাই ২০১৮ সালে শিরোপা জেতা দলটির এরপর আর ফাইনাল খেলা হয়নি। এবার নতুন টুর্নামেন্টে যাওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলনের শুরুতেই এশিয়া কাপে লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি। প্রস্তুতির জায়গায় আমি মনে করি খুব ভালো ছিল। এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ে চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে। তাই আমরা এই বাধাটা পার করতে চাই।’ এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী ৩১শে আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ৬ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৮ই সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের গত আসরে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ফলেই সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। তাই এবার লঙ্কানদের হারিয়ে সেমিফাইনালে ভারতকে এড়াতে চান জানিয়ে জ্যোতি বলেন, ‘গতবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে আমরা সেমিফাইনালে ভারতের সামনে পড়েছিলাম। তো সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না। আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে।’ গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে পাকিস্তানের সামনে পড়তে পারে বাংলাদেশ। যারা হতে পারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তাই গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও বাড়তি নজর রাখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘গ্রুপ পর্বের খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

যদি গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, সেক্ষেত্রে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হবে না। নইলে ভারতের সঙ্গে অনেক বেশি কঠিন পরিস্থিতি হয়ে যায়। সেদিক থেকে পাকিস্তানকে পেলে তুলনামূলক ভালো হবে।’