চট্টগ্রামে জামায়াত এমপি’র পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চট্টগ্রামে জামায়াত এমপি’র পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন, তার ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন লোহাগাড়ার শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)।

বাদীর অভিযোগ, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে তার মালিকানাধীন একটি চারতলা ভবন রয়েছে। ওই ভবনের নিচতলায় একটি আলমারির দোকান এবং ওপরের অংশে কয়েকটি ভাড়া বাসা রয়েছে। কিছুদিন ধরে আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিনসহ কয়েকজন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে ভবন ও দোকানের দখল নেয়ার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মামলার অভিযোগে আরও বলা হয়, গত ৩রা এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে আরমান উদ্দিন মোবাইল ফোনে বাদীর কাছে আবারো চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভবন থেকে উচ্ছেদের হুমকি দেয়া হয়। পরে ওই রাতেই কয়েকজন ব্যক্তি আজিজ কমপ্লেক্সের নিচতলায় থাকা ভাড়াটিয়ার আলমারির দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আদনান কবির বলেন, আদালত মামলাটি গ্রহণ করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ
দিয়েছেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তবে আদালতের কোনো নির্দেশনা এখনো আনুষ্ঠানিকভাবে তার কাছে পৌঁছায়নি। অভিযোগের বিষয়ে আরমান উদ্দিন দাবি করেন, মামলায় যেসব ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে, তার আগেই তিনি ও তার ভাই আরিফ উদ্দিন সৌদি আরবে অবস্থান করছিলেন। বাদীকে ফোন করার অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং বাদীও তাকে চেনেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।