বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজানের শিক্ষা থেকে শক্তি অর্জন করতে হবে: ড. হামিদুর রহমান আযাদ

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজানের শিক্ষা থেকে শক্তি অর্জন করতে হবে: ড. হামিদুর রহমান আযাদ

ফন্ট সাইজ:

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, চলমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানব সভ্যতা গভীর সংকটের মধ্যদিয়ে অতিক্রম করছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অন্যায় আক্রমণ বিশ্বব্যাপী সংকট আরো বৃদ্ধি করেছে। তিনি বলেন, এই সংকট থেকে মানবতাকে রক্ষার জন্য রমজানের শিক্ষার আলোকে তাকওয়া গুণে গুণান্বিত হতে হবে। সোমবার কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত তৃণমূলের দায়িত্বশীলদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড.হামিদ আযাদ বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক বৈষম্য ও মানবিক বিপর্যয় যেমন উদ্বেগজনকভাবে বেড়েছে, তেমনি জাতীয় পর্যায়েও নৈতিক অবক্ষয়, সহিংসতা, অন্যায়-অনিয়ম ও সামাজিক অস্থিরতা ভয়াবহ রূপ নিয়েছে। তিনি বলেন, শক্তির দাপট ও স্বার্থকেন্দ্রিক রাজনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে মানবতা আজ বিপন্ন। একইভাবে দেশব্যাপী খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটভিত্তিক অপরাধ সমাজের ভিত নড়বড়ে করে দিচ্ছে। এসব অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে রমজানের শিক্ষা থেকেই নৈতিক শক্তি অর্জন করতে হবে।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জন, আত্মসংযম ও নৈতিক শুদ্ধতার এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না; পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

ড. হামিদ আযাদ আরও বলেন, রমজান আমাদেরকে ধৈর্য, ত্যাগ, সহমর্মিতা ও ন্যায়বোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই পরিবারে সৌহার্দ্য, সমাজে মানবিকতা এবং রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি পরিবারকে নৈতিক শিক্ষার প্রথম কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, একটি সুস্থ ও স্থিতিশীল সমাজ গঠনের ভিত্তি পরিবার থেকেই শুরু হয়। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, সামাজিক বৈষম্য ও অন্যায়-অনিয়ম প্রতিরোধে রমজানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।

ইউনিয়ন সভাপতি মো. আবু হেনার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন