৯ সদস্য বিশিষ্ট বিএনপির তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ এমপির ওপর হামলা

৯ সদস্য বিশিষ্ট বিএনপির তদন্ত কমিটি গঠন

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সইকরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ আগস্ট সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।

এরআগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে টিটিসির ভবন নির্মাণসংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বেরিয়ে আসার সময় এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

পরে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতে প্রেরণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় চারজন আসামি জামিন ও বাকিরা পলাতক রয়েছেন।